10
আমি ওখান থেকে এসেছি – মাহমুদ দারবিশ
by admin ·
অনুবাদ: ইমন জুবায়ের
আমি ওখান থেকে এসেছি এবং আমার আছে স্মৃতি
জন্মেছি, মরণশীলেরা যেভাবে জন্মায়, আমার একজন মা আছে
আর আছে একটি জানালাময় ঘর
ভাই আছে আমার, আছে বন্ধু,
আর আছে শীতল জানালাসহ কারাকক্ষ।
আমার আছে ঢেউ, যে ঢেউ সমুদ্রচিল দ্বারা লাঞ্ছিত,
আমার রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি,
আর আছে অতিরিক্ত একটি ঘাস।
আমার আছে চাঁদ, যে চাঁদ শব্দের কিনার থেকে দূরে,
আর অনেক পাখি আছে আমার,
আর আছে অবিনশ্বর সব জলপাই গাছ।
তরবারি সক্রিয় হওয়ার পূর্বেই
এ ভূখন্ডে হেঁটে গেছি আমি ।
আমি ওখান থেকে এসেছি। আকাশের মায়ের কাছে আমি
আবৃত্তি করি আকাশ
আকাশ যখন তার মায়ের জন্য কাঁদে।
আর আমি ফিরতি মেঘের জন্য
আমার উপলব্দির তরে কাঁদি।
আমি শিখেছি রক্তের দরবারে কথারা প্রশংসার যোগ্য
আমি তাই ভাঙ্গতে পারি নিয়ম।
প্রতিটি শব্দই আমি শিখেছি আর সেসব ভেঙ্গে
শিখেছি একটিই শব্দ বানাতে: জন্মভূমি …
